স্কুলছাত্রী অপহরণ, যুবকের ১৪ বছর কারাদণ্ড
নাটোরে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে শরিফ উদ্দিন আহম্মেদ (২০) নামের এক যুবককে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ শনিবার বিকেলে ট্রাইব্যুনালের দায়িত্বরত জেলা জজ রেজাউল করিম এই দণ্ড দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১০ নভেম্বর নাটোর সদর উপজেলার একটি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় পরদিন মেয়েটির বাবা সদর উপজেলার লক্ষিপুর গ্রামের বাসিন্দা শরীফসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ ছাত্রীকে উদ্ধার এবং শরীফকে আটক করে। তদন্ত শেষে পুলিশ আসামি শরীফসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আজ আদালত রায় দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি শাহজাহান কবীর এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।