স্কুলছাত্রী অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফেনীতে স্কুলছাত্রী অপহরণের দায়ে মনছুরের রাসুল রুবেল একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
ফেনীর অতিরিক্ত দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক নিলুফার সুলতানা আজ বুধবার রায় দেন। জামিনে থাকা আসামি রুবেল এ সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।
সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ফরিদ আহম্মদ হাজারী বলেন, ২০০৮ সালের ১২ জানুয়ারি দাগনভুঞা পৌরসভার বাসিন্দা ও স্থানীয় বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী (১৩) বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে অপহৃত হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে জানা যায়, তাকে একই এলাকার মনছুরের রাসুল রুবেল নামের এক যুবক অপহরণ করে চট্টগ্রাম নিয়ে গেছেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় সহযোগী হিসেবে জামাল উদ্দিন নামের আরেকজনকেও আসামি করা হয়। পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে ও ওই ছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করে। মামলার তদন্ত কর্মকর্তা শুধু রুবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।