স্কুলছাত্রী অপহরণের দায়ে যুবকের ১৪ বছরের কারাদণ্ড
স্কুলছাত্রীকে অপহরণের দায়ে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গতকাল শনিবার বিকেলে শরিফ উদ্দিন আহম্মেদ (২০) নামের এক যুবককে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। মামলার বাকি পাঁচ আসামিকে আদালত খালাস দিয়েছেন।
নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি (এসপিপি) শাহজাহান কবীর জানান, সদর উপজেলার হয়বতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করার দায়ে একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শরিফ উদ্দিন আহম্মদের ১৪ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়িত্বরত জেলা জজ রেজাউল করিম এই দণ্ডাদেশ দেন। এ সময় ওই মামলার অপর পাঁচ আসামিকে আদালত খালাস দেন। শনিবার বিকেলে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১০ নভেম্বর হয়বতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় আসামিরা তাকে অপহরণ করে। এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে পরের দিন সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে থানার উপপরিদর্শক আবদুল ওহাব আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।