স্কুলছাত্রী উদ্ধার অপহরণকারী গ্রেপ্তার
বরগুনার তালতলী উপজেলার ঠংপাড়া থেকে অপহূত এক স্কুলছাত্রীকে তালতলী থানার পুলিশ গত শুক্রবার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার বাসুকী গ্রাম থেকে উদ্ধার করেছে। অপহরণের অভিযোগে পুলিশ রিপন (২২) নামের একজনকে আটক করেছে।ওই ছাত্রীকে গত ৩১ অক্টোবর তালতলী বাজার থেকে অপহরণ করা হয়েছিল বলে ছাত্রীটির পরিবার অভিযোগ করেছে। অপহূতার অভিযোগ, অপহরণের পর রিপন তাঁর ভগ্নিপতি মনির হোসেনের বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন।অপহূতার বাবা জানান, তাঁর মেয়ে তালতলী নূরজাহান বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। ৩১ অক্টোবর সকালে কেনাকাটা করতে তালতলী বাজারে গেলে সেখান থেকে রিপন তাকে অপহরণ করে নিয়ে যান।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, বরগুনার বাসুকী গ্রাম থেকে অপহূতা স্কুলছাত্রীকে উদ্ধার এবং রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে অপহূতার বাবা রাসু হাওলাদার বাদী হয়ে তালতলী থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে রিপনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। অপহূতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।