স্কুলছাত্রী এক মাস নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার এক স্কুলছাত্রী এক মাস ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে অপহরণের মামলা করেছে পরিবার।
পরিবারের অভিযোগ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রীর নাম লাবণী আক্তার (১০)। সে উপজেলার বামরাইল ইউনিয়নের জয়শ্রী গ্রামের রফিক হাওলাদারের মেয়ে। লাবণী একই উপজেলার বরতা গ্রামে খালা রেহানা বেগমের বাড়িতে থাকত। পড়ত বরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার কাউকে কিছু না বলেই গত ৪ মে বিদ্যালয় ছুটির পর লাবণীকে তাঁর বরিশালের বাসায় নিয়ে যান। খালা রেহানা বেগম বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক সেলিনাকে ফোন করেন। সেলিনা তখন তাঁকে বলেন, লাবণীর মায়ের সঙ্গে কথা বলেই তিনি তাকে নিজের বাড়ি বেড়াতে নিয়ে গেছেন। সেই থেকে লাবণী নিখোঁজ রয়েছে।
লাবণীর মা রোকসানা বেগম প্রথম আলোকে বলেন, তিনি প্রধান শিক্ষক সেলিনাকে তাঁর বরিশালের বাসায় লাবণীকে নিয়ে যেতে বলেননি। এমনকি সেলিনার সঙ্গে আদৌ তাঁর কোনো কথা হয়নি।
খালা রেহানা বলেন, প্রধান শিক্ষক সেলিনা কী কারণে লাবণীকে পরিবারের বিনা অনুমতিতে বরিশাল নিয়ে গেলেন, এরপর কেনইবা সে নিখোঁজ হলো বিষয়টি রহস্যজনক। তিনি অভিযোগ করেন, ঘটনার পর মিজানুর রহমান নামে প্রধান শিক্ষকের এক স্বজন (নন্দাই) তাঁকে ফোন করেন। মিজানুর হুমকি দিয়ে বলেন, ‘এ নিয়ে বাড়াবাড়ি করলে বড় ধরনের ক্ষতি হবে।’ ওই ঘটনার পর গত ২০ মে তিনি উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে টানা ২৭ দিন লাবণীর কোনো সন্ধান না পাওয়ায় গত ৩১ মে রেহানা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা করেন। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, তাঁর ননদ শেফালি বেগম ও ননদের স্বামী মিজানুর রহমানকে আসামি করা হয়। মামলায় তিন আসামির বিরুদ্ধে লাবণীকে অপহরণ করার অভিযোগ আনা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক সেলিনা আক্তার বলেন, তিনি শিশুটিকে নিজের বাসায় বেড়াতে নিয়ে গিয়েছিলেন ঠিকই। কিন্তু তিন দিন পর (৭ মে) তাকে ফেরত দিয়েছেন। অবশ্য সেলিনা প্রথমে বলেন, তিনি লাবণীকে স্কুলে ফেরত দেন। পরক্ষণেই আবার বলেন, স্কুলে নয়, তার খালার বাড়িতে পৌঁছে দেন। সেলিনা বলেন, ‘শিশুটি অপহরণ বা নিখোঁজের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।’
উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার বলেন, শিশুটিকে উদ্ধার করা গেলেই এই নিখোঁজ রহস্য উদ্ঘাটিত হবে।