নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলমদী দক্ষিণপাড়া গ্রামের সীমা নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময়ে তার মা নাজমা বেগম এগিয়ে গেলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়। জমি নিয়ে বিরোধের জেরে গত সোমবার এ ঘটনা ঘটে।এ ঘটনায় গতকাল মঙ্গলবার সোনারগাঁ থানায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিরা হলেন—আলমদী দক্ষিণপাড়া গ্রামের জাকারিয়া (৪০), মনির হোসেন (৩৫), সাইফুল (৩০), গোলজার (৩৮) ও দেলোয়ার (২৭)।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, সীমা স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। গত সোমবার দুপুর ১২টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল সে। আসামিরা পথে সীমাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। মেয়েকে কোপানোর খবর পেয়ে তার মা নাজমা বেগম এগিয়ে গেলে তাঁকেও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।এজাহারে আরও বলা হয়, আহত সীমার বাবা গোলাম মোস্তফার সঙ্গে জমি নিয়ে একই গ্রামের ওই আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরেই মা ও মেয়ের ওপর ওই সন্ত্রাসী হামলা চালানো হয়।হামলা ও মামলার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।