স্কুলছাত্রী ও প্রবাসীসহ তিন অপহৃত উদ্ধার
ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে অপহৃত এক স্কুলছাত্রী ও যশোর কোতোয়ালি থানার নাটোয়াপাড়া এলাকা থেকে অপহৃত এক দুবাইপ্রবাসীকে উদ্ধার করেছে পুলিশ। বরগুনায় অপহরণের ছয় দিন পর রিয়াজ উদ্দীন মণ্ডল নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার পুলিশ জানায়, শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকা থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এক স্কুলছাত্রীকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরিবারের লোকজনের কাছে অভিযোগ পেয়ে বিভিন্ন স্থানে তল্লাশি চালায় পুলিশ। একপর্যায়ে রাত নয়টার দিকে আরাপপুর মুক্তিযোদ্ধা মসিউর রহমান বালিকা বিদ্যালয় এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ সময় তুষার হোসেন (২৫) নামে এক অপহরণকারীকে আটক করা হয়।
থানার এসআই দাউদ হোসেন বলেন, ঝিনাইদহ পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তুষারকে পাঁচ মাস আগে অস্ত্রসহ আটক করা হয়েছিল। অস্ত্রসহ আটকের পর তিনি দল থেকে বহিষ্কৃত হন। কিছুদিন আগে তিনি জামিনে ছাড়া পান। স্কুলছাত্রী অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার দামোদরপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে দুবাইপ্রবাসী সাহেব আলীকে (৪৫) উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে দুর্বৃত্তরা অপহরণ করে। পরে তারা সাহেবের পরিবারের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হলে শুক্রবার রাত ১০টার দিকে যশোর কোতোয়ালি থানার নাটোয়াপাড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সাহেব তিন মাস আগে দুবাই থেকে দেশে ফেরেন।
বরগুনা থানার পুলিশ জানায়, এক বছর ধরে রিয়াজ উদ্দীন মণ্ডল নামের এক ব্যক্তি বরগুনার মাইঠা গ্রামের আবু বকর, সবুজ বয়াতি, সৈয়দ মৃধা ও সুমন মিয়ার সঙ্গে আনারস এবং কাঁঠালের ব্যবসা করছিলেন। আবু বকর ৩ আগস্ট বিকেলে রিয়াজকে তাঁর বাড়িতে ডেকে নেন। সেখানে রিয়াজের কাছে থাকা ৪২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আরও এক লাখ ২০ হাজার টাকা পরিবারের কাছ থেকে এনে দিতে বলেন। অন্যথায় তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। রিয়াজ মুঠোফোনে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে টাকা পাঠাতে বলেন। রিয়াজের স্বজনেরা ওই দিনই বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা পাঠান। এরপর বাকি টাকার জন্য আবু বকর ও তাঁর সহযোগীরা পরিবারকে চাপ দিতে থাকেন। পরিবারের লোকজন শুক্রবার বিকেলে থানায় মামলা দায়ের করেন। পরে আবু বক্করের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ রিয়াজকে উদ্ধার করে। এ সময় আবু বকর ও সবুজ বয়াতিকে গ্রেপ্তার করা হয়।
থানার ওসি শামসুল হক জানান, অন্য সহযোগীদের ধরতে অভিযান চলছে। রিয়াজ টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ গ্রামের মহির উদ্দিন মণ্ডলের ছেলে।