স্কুলছাত্রী ও বাবাকে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক ছাত্রী ও তার বাবাকে গতকাল মঙ্গলবার বখাটেরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে।
অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে এখনো মামলা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ওই ছাত্রীকে শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান কলেজের ছাত্র ও উপজেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে বেশ কিছু দিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল বেলা দেড়টার দিকে তিনি তাঁর কয়েকজন সঙ্গী নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এসে ছাত্রীটিকে আবারও উত্ত্যক্ত করেন। একপর্যায়ে ওই তরুণ ও তাঁর সঙ্গীরা ছাত্রীটির ওপর হামলা চালিয়ে মারধর করেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুল হক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। খবর পেয়ে ছাত্রীর বাবা বিদ্যালয়ে আসার সময় হামলাকারীরা তাঁকেও মারধর করে। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এর প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অষ্টম শ্রেণির সমাপনীর নির্বাচনী পরীক্ষা বর্জন করে বেলা তিনটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে। সেখানে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ বখাটেদের সহযোগী সন্দেহে একজনকে আটক করে। ইউএনও মোহাম্মদ নূর হোসেন হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিকেল পাঁচটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এদিকে বিক্ষুব্ধ কিছু লোকজন ওই চেয়ারম্যানের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পলাতক থাকায় ওই তরুণের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর বাবার মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুল হক বলেন, যেহেতু বিদ্যালয়ের ভেতর হামলা হয়েছে, তাই বিদ্যালয়ের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও মোহাম্মদ নূর হোসেন বলেন, মেয়েটি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।