স্কুলছাত্রী ও ভাইকে পেটাল বখাটেরা!
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক স্কুলছাত্রী ও তার ভাইকে গত বুধবার বিকেলে একদল বখাটে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কসবা থানায় মামলা হয়েছে। এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রাজবল্লভপুর গ্রামের শরিফ মিয়া (২০) গ্রামের বাজারের একটি সেলুনের কর্মচারী। সেলুনের সামনে দিয়ে স্কুলে যাওয়া-আসার সময় শরিফ প্রায়ই স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করতেন। বুধবার বিকেলে স্থানীয় একটি উচ্চবিদ্যালয় ছুটির পর ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী বাড়ি ফিরছিল। পথে শরিফ তাকে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে ওই ছাত্রীর বড় ভাই একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এর প্রতিবাদ জানায়। পরে শরিফ মুঠোফোনে তার দুই সঙ্গীকে ডেকে আনেন এবং ওই ছাত্রকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে বখাটেরা ওই ছাত্রীকেও পিটিয়ে আহত করে। এ ছাড়া তার পরনের কাপড় ছিঁড়ে ফেলে। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের একজন ওই দুই ভাইবোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ওই ছাত্র ও ছাত্রীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ছেলেটির তিনটি দাঁত ভেঙে গেছে। দাঁতের চিকিৎসার জন্য ওকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।