স্কুলছাত্রী ও শিশুসহ পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় রেশমা আক্তার (১০) নামের এক স্কুলছাত্রী প্রাণ হারিয়েছে। এ ছাড়া গত বুধবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও চার জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত হয় চারজন।

এ নিয়ে গত ১২২ দিনে বিভিন্ন জেলায় সড়কে প্রাণ গেল ১ হাজার ৬০ জনের। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

জামালপুরের ইসলামপুরের ঢেংগার গড় এলাকায় সড়ক পার হওয়ার সময় গতকাল বিকেলে একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী রেশমা আক্তার (১০) গুরুতর আহত হয়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেশমা ঢেংগার গড় গ্রামের বিষু শেখের মেয়ে ও ঢেংগার গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

গাজীপুরের টঙ্গীর স্টেশনরোড এলাকায় মায়ের সঙ্গে সড়ক পার হওয়ার সময় প্রাইভেট কারচাপায় সামিয়া (২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মা গুরুতর আহত হন। গতকাল সকালে টঙ্গী-কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জের তাড়াশের নবীপুরে নওগাঁ-খালকুলা সড়কে বুধবার রাতে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আকবর আলী (৫০) নামের এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের রাজামারিয়াকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল ভোরে একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইদন মিয়া (২৮) নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন আরও তিনজন। হবিগঞ্জের চুনারুঘাট থেকে এক স্বজনের লাশ নিয়ে ফেরার পথে ইদন মিয়া এ দুর্ঘটনায় নিহত হন।

কুমিল্লার চৌদ্দগ্রামের নয়াবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল সকালে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোশাররফ হোসেন (১৭) নামের এক পরিবহন শ্রমিক নিহত হয়েছে। নয়াবাজার এলাকায় কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়লে মেরামত করতে গিয়েছিলেন তিনি। এ সময় পেছন থেকে আরেকটি কাভার্ড ভ্যান বিকল কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়।