স্কুলছাত্রী কণিকাহত্যা মামলায় যুবকের ফাঁসি
চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রী কণিকা হত্যা মামলায় আবদুল মালেক (২৬) নামের এক যুবকের ফাঁসির রায় দিয়েছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং শিশু আদালতের বিচারক মো. জিয়াউর রহমান গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর গ্রামের মৃত লক্ষ্মণ ঘোষের মেয়ে কণিকা ঘোষ মহিপুর এসএএম দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর ফাঁসির সাজা পাওয়া আবদুল মালেক দিয়াড় ধাইনগর গ্রামের আবদুল লতিফের ছেলে।
গত বছরের ২৭ মে সকালে মহিপুর থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল কণিকা ও তার তিন সহপাঠী। পথে তাদের ওপর অতর্কিতে হাঁসুয়া নিয়ে হামলা চালান মালেক। এতে চার স্কুলছাত্রীই গুরুতর আহত হয়। সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় কণিকা। তার মা অঞ্জলি রানী ঘোষ এ ঘটনায় সদর থানায় মামলা করেন।
সরকারি কৌঁসুলি জবদুল হক বলেন, গত বছরের ৭ অক্টোবর অভিযোগপত্র দেওয়া হয়। নিহত কণিকা ও তার তিন সহপাঠী শিশু হওয়ায় ২৩ নভেম্বর শিশু আদালতে মামলার বিচারকাজ শুরু হয়।
ফাঁসির আদেশ ছাড়াও কণিকার তিন সহপাঠীকে কুপিয়ে জখম করার ঘটনায় মালেককে একটি ধারায় ১০ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং আরেক ধারায় ১০ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায়ের পর কান্নাভেজা কণ্ঠে কণিকার মা অঞ্জলি রানী বলেন, ‘এ রায়ে আমি সন্তুষ্ট। আমার মেয়ের আত্মাও শান্তি পাবে। তবে রায় যেন দ্রুত কার্যকর করা হয়।’