স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তির দাবিতে গতকাল সোমবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধন করেছেন।
গতকাল দুপুরে উপজেলা পরিষদের সামনে শিক্ষকেরা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে রাজনগর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হাকিম, শিক্ষক শামছুল আলম, আবদুল ওয়াহিদ, তৈয়ব আলী, মতিউর রহমান প্রমুখ। সভা থেকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিকে শাস্তি দেওয়ার পাশাপাশি এই ঘটনায় হওয়া মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের দাবি জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী (৯) গত বুধবার বেলা দেড়টার দিকে বিদ্যালয়ের কাছে বাড়িতে যাচ্ছিল। পথে এক ব্যক্তি মুখ চেপে ধরে তাকে তার ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাজনগর থানায় মামলা করেন। ওই দিনই পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘ছাত্রীটির ডাক্তারি পরীক্ষা শেষ হয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন এখনো পাইনি। প্রতিবেদন পেলেই দ্রুত অভিযোগপত্র দিয়ে দেব।’