স্কুলছাত্রী ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন দণ্ড
বগুড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে কামাল প্রামাণিক (৩২) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. আবদুল মান্নান গতকাল বুধবার এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, কামাল প্রামাণিকের বাড়ি সোনাতলা উপজেলায়। ২০০৮ সালের ৫ সেপ্টেম্বর রাতে তিনি এক প্রতিবেশীর বাড়িতে ঢুকে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় পরিবারের অন্য কেউ বাড়িতে ছিল না। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা সোনাতলা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ একমাত্র আসামি কামাল প্রামাণিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। প্রায় আট বছর পর এ মামলার রায় হলো।
মামলার পিপি নরেশ মুখার্জি বলেন, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি কামাল প্রামাণিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের দণ্ডের আদেশ দেন আদালত। এতোদিন কামাল জামিনে মুক্ত ছিলেন। তবে রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় ছিলেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।