স্কুলছাত্রী ধর্ষণের শিকার!
জামালপুর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী গত শনিবার দুপুরে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। মামলার এক আসামিকে েগ্রপ্তার করেছে পুলিশ৷
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ছাত্রী শনিবার বেলা তিনটার দিকে বাড়ি থেকে হেঁটে সমাপনী পরীক্ষার কোচিংয়ে যাচ্ছিল৷ পথে তিন-চারজন বখাটে যুবক তাকে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তোলেন৷ পরে তার মুখে স্কচটেপ লাগিয়ে এবং চোখ ও হাত বেঁধে সদর উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীরে একটি শণখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন৷ একপর্যায়ে স্কচটেপ খুলে গেলে মেয়েটি চিৎকার দেয়৷ চিৎকার শুনে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন৷
এ ঘটনায় গত রোববার রাতে সদর থানায় স্থানীয় বখাটে মমিন মিয়া (২৭) ও চন্দ্রা এলাকার অটোরিকশার চালক মানিক মিয়াসহ (২৬) অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করা হয়৷ পরে মানিককে গ্রেপ্তার করে পুলিশ৷