স্কুলছাত্রী নাজিরার হত্যাকারীর ফাঁসির দাবিতে স্মারকলিপি
ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাজিরা আক্তারের (১১) হত্যাকারী হিসেবে অভিযোগ ওঠা শাজাহান হাবিবের ফাঁসির দাবিতে আজ বুধবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় নাজিরার মা মাজেদা খাতুন মেয়ের হত্যাকারীর ফাঁসির দাবিতে কান্নায় ভেঙে পড়েন।
কয়েকজন শিক্ষক ও প্রত্যক্ষদর্শী জানান, আজ দুপুর ১২টার দিকে নাজিরার স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী বিশাল এক মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তাঁরা শাজাহান হাবিবের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন। মানববন্ধনে সংহতি জানিয়ে ময়মনসিংহের বিভিন্ন পেশাজীবী মানুষও অংশ নেন। জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী নিজ কার্যালয় থেকে বেরিয়ে এসে নাজিরার মাসহ সবাইকে বিচারের আশ্বাস দিয়ে স্মারকলিপিটি গ্রহণ করেন।
১৫ নভেম্বর ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় নাজিরার হত্যাকারীর ফাঁসির দাবিতে স্কুল ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছিলেন।
১২ নভেম্বর দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে নাজিরাকে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার পর গলা কেটে হত্যা করা হয়। নাজিরার ফুপাতো ভাই শাজাহান হাবিব এই হত্যাকাণ্ড চালায় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে নাদিরার বাবা মো. ইউনুছ মিয়া বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হাবিবকে একমাত্র আসামি করে মামলা করেন। হাবিব ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সরকার দলীয় সাংসদ আনোয়ারুল আবেদিনের পরিবারের গাড়ি চালাতেন। সাংসদের সহযোগিতায় ১২ নভেম্বর রাতেই হাবিবকে গ্রেপ্তার করে পুলিশ। ১৪ নভেম্বর হাবিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।