স্কুলছাত্রী পপির চোখের মূল্য তিন লাখ টাকা!
বখাটের ছোড়া এয়ারগানের গুলিতে গত বৃহস্পতিবার নষ্ট হয়ে যাওয়া চোখের ব্যথা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু ওয়ার্ডে কাতরাচ্ছে কুমিল্লার চৌদ্দগ্রামের খিরনশাল কাজী জাফর আহমেদ উচ্চবিদ্যালয়ের ছাত্রী পপি। তার ডান চোখ থেকে এখনো বের করা যায়নি এয়ারগানের গুলিটি। তার চিকিৎসক চক্ষু বিশেষজ্ঞ মোশফিকুর রহমান জানান, পপির চোখের ভেতরে গুলির স্প্লিন্টার রয়ে গেছে। আজ (শনিবার) সকালে ওই চোখে অস্ত্রোপচার করা হবে।ঘটনা ধামাচাপা দিতে তৎপরতা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। বৃহস্পতিবার মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের উপস্থিতিতে এক সালিসে পপির চোখ নষ্ট হওয়ার জরিমানা বাবদ তিন লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান শাহ আলম মোল্লা জানান, দুই পক্ষের হানাহানি বন্ধে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও পপির ভবিষ্যতের কথা চিন্তা করে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিসের মাধ্যমে বখাটেদের তিন লাখ টাকা জরিমানা করা হয়। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে তাদের প্রশ্রয় দেওয়া প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।সালিসে উপস্থিত স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম তিন লাখ টাকা জরিমানা ধরার সত্যতা স্বীকার করলেও, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। সালিসে উপস্থিত অন্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পপির সঙ্গে থাকা তার মা গতকাল মুঠোফোনে বলেন, ‘পপির মুখমণ্ডল ও মাথা ফুলে গেছে। যন্ত্রণায় কাতরাচ্ছে সে। আমি এই সালিস মানি না। আমার মেয়ে আগে সুস্থ হোক। তারপর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।’চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, পপির চোখে গুলি করার অভিযোগে আটক শাকিল ও শাহাদাতকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।