স্কুলছাত্রী, পুলিশ সদস্যসহ নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী, পুলিশের এক সদস্যসহ ৬ জেলায় ১১ জন নিহত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে গত ১৩৭ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৪৯ জনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের উদ্ধৃতি দিয়ে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:

চট্টগ্রামের পটিয়ার নয়াহাট গ্যাস পাম্পের পাশে গতকাল দুপুরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়। তাদের একজন পটিয়া পৌর সদরের পোস্ট অফিস এলাকার রফিকুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস (১২) এবং অন্যজন বোয়ালখালীর কধুরখীল গ্রামের মোবারক হোসেন।

মুন্সিগঞ্জের গজারিয়ায় গতকাল ভোরে দায়িত্বরত অবস্থায় বাসচাপায় মো. শহিদুল ইসলাম (৩০) নামের পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুরের গনিপুর গ্রামের বাসিন্দা।

গাইবান্ধায় সদর উপজেলার ফারাজিপাড়া ঘুমটির ব্রিজ এলাকায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক মো. শামসুজ্জামান (৪৮) নিহত হন। তিনি একই উপজেলার পশ্চিম কোমরনই গ্রামের বাসিন্দা। এর আগে বৃহস্পতিবার রাতে পলাশবাড়ীর জুনদহ এলাকায় গরুবোঝাই ট্রাকের চাপায় সাধন কুমার দাস (৩০) নামের এক ব্যক্তি নিহত হন। তাঁর বাড়ি বগুড়ার চাটমহা হরিপুর গ্রামে।

রাজবাড়ী সদর উপজেলার দুর্গাপুরে গতকাল সন্ধ্যায় মাইক্রোবাসের ধাক্কায় আবদুল হান্নান নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। তাঁর বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার ছিলেন। এর আগে পাংশার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সকালে বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে আসাদুল ইসলাম (১২) নামের এক কিশোর নিহত হয়।

বাগেরহাটের মোল্লাহাটে মাদ্রাসাঘাট এলাকায় গতকাল বিকেলে বাসচাপায় শেখ মনিরুল ইসলাম (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। তিনি খুলনার পূর্ববানিয়া খামার এলাকার শেখ আবদুল হাইয়ের ছেলে।

মৌলভীবাজারে রাজনগরের লালাপুরে গতকাল দুপুরে বাসচাপায় বশির মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি উপজেলার গঙ্গা দাসেরকুল গ্রামের মেন্দি মিয়ার ছেলে।

রাজশাহীতে চারঘাটের হলিদাগাছি রেলগেট এলাকায় গতকাল মোটরসাইকেলের ধাক্কায় লতিফা বেগম (৫০) নামের এক নারী নিহত হন।

কুমিল্লার মনোহরগঞ্জের বিনয়ঘর আমতলিতে সন্ধ্যায় ইজিবাইকের ধাক্কায় সোলায়মান ব্যাপারী (৬০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। তাঁর বাড়ি নাঙ্গলকোটের নিশ্চিন্তপুর গ্রামে।

মাগুরায় মহম্মদপুরের নহাটায় গত বৃহস্পতিবার বিকেলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজিব শেখ (৩০) নামের এক যুবক নিহত হন। তিনি নহাটার পানিঘাটা গ্রামের ফসিয়ার শেখের ছেলে।