স্কুলছাত্রী সুমাইয়া হত্যার বিচারের দাবি
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী সুমাইয়া ইসলাম হত্যা মামলার আসামি গৃহশিক্ষক শরিফুল ইসলামের বিচারের দাবিতে গতকাল শনিবার চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, রাস্তা অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।সদর থানা সূত্রে জানা গেছে, সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলাম বিশ্বাসের মেয়ে ও স্থানীয় ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ৮ মে রাতে নিজ ঘরে খুন হয়। এ ঘটনায় পরদিন সুমাইয়ার বাবা বাদী হয়ে গৃহশিক্ষক শরিফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। পুলিশ গত বুধবার শরিফুল ইসলাম ও তাঁর চার সহযোগীকে গ্রেপ্তার করে। সরোজগঞ্জ বাজারে গতকাল সকাল ১০টা থেকে এক ঘণ্টা মানববন্ধন হয়। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ব্যবসায়ীরা সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন। মানববন্ধন শেষে কুতুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ হয়। মামলার তদন্ত কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, শরিফুল পুলিশ ও বিচারিক হাকিম ফিরোজ মাহমুদের কাছে খুনের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বেশ কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।