স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজন জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতানা বেগম
সুলতানা বেগম

সিলেটের কানাইঘাট উপজেলার এরালিগুল গ্রামের প্রাথমিক স্কুলের ছাত্রী সুলতানা বেগমকে (১০) ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে (জেলে) পাঠানো হয়েছে।
গতকাল রাতে কানাইঘাট থানার ওসি হুমায়ূন কবির বলেন, গ্রেপ্তারের পর তিনজনই পুলিশকে ঘটনার বর্ণনা দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যে পাহাড়ের চূড়ায় মাটিচাপা অবস্থায় সুলতানার লাশ উদ্ধার করা হয়। গতকাল তিন আসামিই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মতি প্রকাশ করায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার তাঁদের জবানবন্দি আদালতে রেকর্ড করা হতে পারে।
কানাইঘাটের ছোটফৌজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সুলতানা গত রোববার স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। তার বাবা তেরাব আলী গত বুধবার কানাইঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ বৃহস্পতিবার এরালিগুলের পাশের বড়খেওড় গ্রামের আবুল হোসেন (২৫), সাদেক উদ্দিন (২০) ও রাসেল মিয়া (২২) নামের তিন যুবককে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনজনই সুলতানাকে ধর্ষণ ও পরে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার বিকেলে সুলতানার লাশ পাহাড়ের চূড়ায় মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করে।
পুলিশ জানায়, সুলতানাকে ধর্ষণ ও হত্যায় ওই তিনজনের সঙ্গে আরও একজন জড়িত থাকায় সুলতানার বাবা তেরাব আলী চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেন। এ মামলায় আবুল, সাদেক ও রাসেলকে গ্রেপ্তার দেখানো হয়। গতকাল দুপুরে সিলেট উত্তর সার্কেলের এএসপি ধীরেন মহাপাত্রের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পলাতক আসামিকে গ্রেপ্তারে টানা অভিযান চালানোর নির্দেশ দেন এএসপি।