স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাদিরা আক্তারের (১১) হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া শাজাহান হাবিবের বিচারের দাবিতে আজ শনিবার বিক্ষোভ করেছে এলাকাবাসী। একই দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা আজ থেকে দুই দিনের কর্মবিরতি পালন ও ক্লাস বর্জন শুরু করেছেন।

গত বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে নাদিরাকে গাড়িতে করে অপহরণ করে নিয়ে যাওয়ার পর গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই অভিযোগে গতকাল শুক্রবার নাদিরার বাবা মো. ইউনুছ মিয়া বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় নাদিরার ফুপাতো ভাই হাবিবকে একমাত্র আসামি করে মামলা করেন। হাবিব ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সরকার দলীয় সাংসদ আনোয়ারুল আবেদিনের পরিবারের গাড়ি চালাতেন। সাংসদের সহযোগিতায় ঘটনার দিন বৃহস্পতিবার রাতেই হাবিবকে আটক করে পুলিশ।

বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাবিবের দ্রুত বিচার দাবি করেন এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। নাদিরার বাড়ি শহরতলির গংসার মোড় এলাকায়। আজ সকাল ১০টার দিকে এলাকাবাসী জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের সামনে হাবিবের দ্রুত ফাঁসির দাবিতে স্লোগান দেন। একই সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভেতর কালো ব্যাজ ধারণ করেন। তাঁরা নাদিরার হত্যার প্রতিবাদে আজ থেকে দুই দিনব্যাপী কর্মবিরতি পালন শুরু করেছেন। শিক্ষকেরা নাদিরার হত্যাকারীর দ্রুত ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান বলেন, দেশের আইনে আমরা নাদিরার হত্যাকারীর দ্রুত ও সর্বোচ্চ বিচার দাবি করছি। আশা করি, আমাদের এই দাবি পূরণ হবে।