স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় স্কুলছাত্রী তানিয়া আক্তারকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করা হয়েছে। দিরাই বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধন করে।
বিদ্যালয়ের সামনের সড়কে বেলা তিনটায় মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা ছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইদন মিয়া, সদস্য অভিরাম তালুকদার প্রমুখ বক্তব্য দেন। তানিয়া এ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই উপজেলার চন্ডিপুর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে তানিয়া আক্তারকে একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে নাইম আহমেদসহ কয়েকজন অপহরণ করে। এর ১০ দিন পর কিশোরগঞ্জের চামড়াবন্দ এলাকার একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এরপর তানিয়ার দাদা আবদুল খালেক বাদী হয়ে দিরাই থানায় নাইমসহ ২১ জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করতে পারলেও নাইমকে গ্রেপ্তার করতে পারেনি।
দিরাই থানার ওসি মো. বায়েছ আলম বলেন, এই মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।