স্কুলছাত্রী হত্যায় ঘাতকের ফাঁসির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে হাঁসুয়ার কোপে এক স্কুলছাত্রী নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় ঘাতকের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে শহরের শহীদ সাটু হলের সামনে এই মানববন্ধন করে জেলার ১০টি নারী সংগঠন।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন জাগো নারী বহ্নিশিখার নুরুন নাহার, মহিলা ক্রীড়া সংস্থার গৌরী চন্দ সিতু, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির ইয়াসমিন আরা, জাতীয় মহিলা সংস্থার ইয়াসমিন সুলতানা, কল্যাণী মহিলা সংস্থার রোখসানা আহমদ, গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের শাহনাজ বেগম, নারী উন্নয়ন ফোরামের সায়েমা খাতুন, সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্সের (সিএমইএস) জেনুয়ারা খাতুন, মহিলা আওয়ামী লীগের হালিমা খাতুন, যুব মহিলা লীগের সান্ত্বনা হক, প্রথম আলো বন্ধুসভার রফিক হাসান প্রমুখ।

বক্তারা ওই ঘটনার তীব্র নিন্দা জানান। দ্রুত বিচারের মাধ্যমে ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তাঁরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

গত ২৭ মে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামে এক বখাটের হাঁসুয়ার কোপে স্কুলছাত্রী কণিকা ঘোষ (১৬) নিহত হয়। আহত হয় তার সহপাঠী তানজিলা খাতুন, মরিয়ম খাতুন ও তারিন আফরোজ। তারা শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল।

হত্যাকাণ্ডের পর স্থানীয় লোকজন বখাটে আবদুল মালেককে (২৬) হাঁসুয়াসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, মালেক মাদকাসক্ত ও বখাটে। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই হাঁসুয়া হাতে ঘুরে বেড়াতেন এবং লোকজনকে ভয় দেখাতেন। এর আগেও তিনি একাধিক লোকের ওপর হামলা চালিয়েছেন। মাদক সেবন করে মাতলামি করার অপরাধে বছর দেড়েক আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাদণ্ড দিয়েছিলেন।