স্কুলছাত্রী হলো ইউপি সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে ভুয়া জন্মসনদ দাখিল করে নবম শ্রেণির এক ছাত্রী সদস্য নির্বাচিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে এটি প্রমাণিত হওয়ায় তার শপথগ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।

ওই মেয়ের নাম কানিজ ফাতেমা। সে রাজাবাড়ি গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং রাজাবাড়ি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বর্তমানে তার জাতীয় পরিচয়পত্র নম্বর সাময়িকভাবে বন্ধ (লক) করে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের পর গত ২৮ মার্চ প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেফালী আক্তার ওই ছাত্রীর মনোনয়ন বাতিল চেয়ে লিখিত অভিযোগ করেন। ভোটের ফল ঘোষণার পর ৪ এপ্রিল হতেয়া রাজাবাড়ি গ্রামের আবদুল করিম খান একই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ করেন।

আবদুল করিম খান বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে অপ্রাপ্তবয়স্ক মেয়েটির লেখাপড়া যাতে বন্ধ না হয়, সে জন্য তিনি তার সদস্যপদ বাতিল চেয়েছেন।

শেফালী আক্তার বলেন, সে সময় উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করলেও বিষয়টি আমলেই নেওয়া হয়নি। মায়ের মৃত্যুর কারণে মেয়েটিকে মানুষ ভোট দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মো. রুহুল আমিন মল্লিক ১৮ মে এক চিঠিতে ওই ছাত্রীর জাতীয় পরিচয়পত্র নম্বর সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই ইউপি সদস্য যাতে শপথ নিতে না পারে, সে জন্য ২২ মে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মিজানুর রহমান জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন। এ অভিযোগে মেয়েটি ও তার বাবার বিরুদ্ধে মামলা হবে।

হাতীবান্ধা ইউপির সচিব মোশারফ হোসেন বলেন, ‘নির্বাচন কমিশনে ওই ছাত্রীর জমা দেওয়া জন্মসনদের সঙ্গে আমাদের কার্যালয়ে থাকা সনদের মিল নেই।’

এ বিষয়ে কথা বলার জন্য গতকাল শনিবার ওই ছাত্রীর মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।