স্কুলছাত্রীকে অপহরণে বাধা দেওয়ায় মা খুন বাবা ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণে বাধা দেওয়ায় খুন হলেন মা শাহিনুর আক্তার (৪৫)। গতকাল শুক্রবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর চরকালকিনি গ্রামে। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বাবা স্কুলশিক্ষক হাজি আবদুল গণি। এলাকাবাসী জানান, রাত সাড়ে ১২টার সময় একদল সন্ত্রাসী উত্তর চরকালকিনি গ্রামের গণি হাজিবাড়িতে প্রবেশ করে ওই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা চালায়। তখন মা শাহিনুর আক্তার বাধা দিলে সন্ত্রাসীরা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে। এ সময় বাবা স্কুলশিক্ষক হাজি আবদুল গণিকেও ছুরিকাঘাত করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কমলনগর থানার ওসি এনামুল হক জানান, স্কুলছাত্রীকে তার চাচাতো ভাই মুনছুর দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করে আসছিল। দেড় মাস আগে ওই ছাত্রীর বিয়ে হয়েছে বলে জানা গেছে। এর জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।