স্কুলছাত্রীকে অপহরণে ব্যর্থ হয়ে হামলা-লুট, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণে ব্যর্থ হয়ে ছাত্রী এবং তার খালা-খালুকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত শনিবার রাতে শহরের তাজমাহতাবপুর এলাকায় এ ঘটনা ঘটে।হামলায় গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী (১৫), তার খালা মনজুর মনোয়ারা (৪৫) ও খালু আবদুল মান্নানকে (৭৬) রাতেই নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে স্থানীয় নীরব ও রাকিব উত্ত্যক্ত করত। এ নিয়ে বখাটেদের পরিবারের কাছে বিচার দেওয়ায় তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নীরব ও রাকিবের নেতৃত্বে আট-দশজন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে ওই ছাত্রীর খালু আবদুল মান্নানের বাড়িতে হানা দেয়। সন্ত্রাসীরা বাসায় ঢুকে অস্ত্রের মুখে ছাত্রীকে অপহরণ করে বাসার প্রধান ফটক পর্যন্ত নিয়ে যায়। এ সময় ছাত্রীর চিৎকারে খালা মনজুর মনোয়ারা এগিয়ে এসে ছাত্রীকে ছাড়িয়ে নিতে চাইলে সন্ত্রাসীরা তাঁদের দুজনকে কুপিয়ে আহত করে। এ সময় ছাত্রীর খালু আবদুল মান্নান সন্ত্রাসীদের বাধা দিলে তাঁকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা।আবদুল মান্নান প্রথম আলোকে জানান, তাঁর নিজের কোনো সন্তান না থাকায় শ্যালিকার ওই মেয়েকে নিজের বাড়িতে রেখে লালন-পালন করছিলেন। হামলার সময় সন্ত্রাসীরা তাঁর স্ত্রীর কাছে থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার গতকাল সোমবার জানান, ওই ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।