স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, বখাটের হামলায় আহত ৩
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গত শুক্রবার অপহরণের চেষ্টা করা হয়েছে। এ সময় বখাটে হারেছ ব্যাপারীর হামলায় ওই ছাত্রীসহ তার মা ও বড় বোন আহত হয়েছেন। স্কুলছাত্রীর পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মেয়ের বড় বোন বর্তমানে মাদারীপুরে শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। হাটুরিয়া উচ্চবিদ্যালয়ে পড়াশোনার সময় উপজেলার নলমুড়ি ইউনিয়নের চরভুয়াই গ্রামের সাবেক চেয়ারম্যান কাশেম ব্যাপারীর ছেলে হারেছ ব্যাপারী তাঁকে উত্ত্যক্ত করতেন। তাঁর ভয়ে স্থানীয় কলেজের পরিবর্তে তাঁকে মাদারীপুরে ভর্তি করা হয়। এরপর থেকে বখাটে হারেছ ব্যাপারী তাঁর ছোট বোনকে উত্ত্যক্ত শুরু করেন। তাঁর ভয়ে ছোট বোনকে গত জানুয়ারি মাসে ইদিলপুর পাইলট উচ্চবিদ্যালয়ে ভর্তি করা হয়। ঈদের ছুটিতে দুই বোন বাড়িতে আসে। এই সুযোগে হারেছ ব্যাপারী তাঁর দুই সহযোগী সঙ্গে নিয়ে গত শুক্রবার সকালে ওই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা করেন। তার চিৎকারে মা ও বড় বোন এগিয়ে এলে হারেছ ব্যাপারী ও তাঁর সহযোগীরা তিনজনকে পিটিয়ে আহত করেন। শুক্রবার দুপুরে আহত ব্যক্তিদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বড় বোনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক মেয়েদের প্রতিবেশী দুজন জানান, হারেছ ব্যাপারী দীর্ঘদিন ধরে মেয়ে দুটিকে উত্ত্যক্ত করে আসছে। হারেছের ভয়ে পড়ালেখার জন্য মেয়ে দুটিকে অন্যত্র পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বড় বোন বলেন, ‘হারেছ ব্যাপারী আমাদের অনেক উত্ত্যক্ত করেছেন। তাঁর কারণে আমরা দুই বোন এলাকাছাড়া। আমার ছোট বোনকে অপহরণের চেষ্টায় বাধা দেওয়ায় আমাদের পিটিয়েছে।’মেয়ের বাবা বলেন, ‘শুক্রবার আমার অনুপস্থিতিতে হারেছ ব্যাপারী তাঁর সঙ্গীদের নিয়ে বাড়িতে এসে আমার ছোট মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করেন। তখন আমার স্ত্রী ও বড় মেয়ে তাঁদের বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তাদের বেদম মারধর করেন। এ ঘটনায় গোসাইরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছি। স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে থানায় এখনো মামলা নথিভুক্ত করা হয়নি।’ হারেছ ব্যাপারী মুঠোফোনে বলেন, ‘আমি ডামুড্যার পূর্ব মাদারীপুর ডিগ্রি কলেজে স্নাতক শ্রেণীতে পড়ালেখা করি। মেয়ের বাবা আমাদের একটি ঘর ভাড়ায় ব্যবহার করেন। ভাড়ার টাকা চাইতে গেলে তাঁর স্ত্রীর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। তাঁর মেয়েদের আমি কখনো উত্ত্যক্ত করিনি এবং অপহরণেরও চেষ্টা করিনি।’ নলমুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুল হক মিয়া বলেন, ‘মেয়ের পরিবার দরিদ্র। অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করছি।’গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মোল্লা বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা হচ্ছে। এ কারণে মামলাটি নথিভুক্ত করা হয়নি।’