স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, দুজনের কারাদণ্ড
রাজশাহীর বাগমারায় এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অপরাধে ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার দুই তরুণকে এক মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
তাঁরা হলেন উপজেলার গোয়ালকান্দি গ্রামের আরিফ হোসেন (২১) ও রকি হোসেন (২০)। তাঁদের গতকাল বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।
মাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসলাম আলী প্রথম আলোকে বলেন, গতকাল সকালে আরিফ হোসেন ও রকি হোসেন উপজেলার একটি বিদ্যালয়ের ছাত্রীকে অপহরণের চেষ্টা করেন। তাঁরা একটি মোটরসাইকেলে করে ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ছাত্রীকে উদ্ধার করে এবং মোটরসাইকেলসহ বখাটেদের আটক করে। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে দুই বখাটে নিজেদের অপরাধ স্বীকার করেন। আদালতের বিচারক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন তাঁদের এক মাস করে কারাদণ্ডাদেশ দেন।