স্কুলছাত্রীকে অ্যাসিড ছোড়ায় একজনের ফাঁসির আদেশ
রংপুর নগরের স্কুলছাত্রী মাসুদা আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপের দায়ে এক আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত। অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রংপুরের অ্যাসিড-সন্ত্রাস অপরাধ ট্রাইব্যুনাল এবং জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাছিদ গতকাল বুধবার এ রায় দেন।
মাসুদা আক্তারকে নিয়ে গত বছর ২৩ ডিসেম্বর ‘ভাইয়ের কাছে শুনে শুনে চলে মাসুদার পড়া’ শিরোনামে প্রথম আলোর প্রথম পাতায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরে মাসুদাকে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এই বৃত্তির আওতায় সে এসএসসি পর্যন্ত পড়াশোনা চালিয়ে নিতে প্রতি মাসে এক হাজার টাকা পাবে।
মাসুদাকে নিয়ে গত ২৫ মার্চ ‘চোখের আলো হারানো ছাত্রী মাসুদার পাশে প্রথম আলো’ শিরোনামে প্রথম আলোয় আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামির নাম আরিফুল ইসলাম (২২)। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে মো. আলাল (২৩) ও মো. দুলালকে (২৪)। তিনজনেরই বাড়ি নগরের বাবু খাঁ এলাকায়। এই মামলায় অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় পাঁচ আসামিই কাঠগড়ায় ছিলেন।
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১২ সালের ১৩ আগস্ট নগরের বাবু খাঁ এলাকায় নিজ বাড়িতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়ে দুই চোখ হারায় মাসুদা। সে এখন নগরের সমাজকল্যাণ বিদ্যাবীথি স্কুল ও কলেজে দশম শ্রেণিতে পড়ছে।
গতকাল রায় ঘোষণার সময় মাসুদা ও তার মা সুলেখা পারভীন আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর মাসুদা বলে, ‘যারা অ্যাসিড ছুড়েছে, তাদের সবার ফাঁসি আশা করেছিলাম। আমি দুই চোখ হারিয়েছি। এ সুন্দর পৃথিবীর রূপ দেখতে না পারলেও নতুন উদ্যমে পড়াশোনা শুরু করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’ সুলেখা পারভীন বলেন, ‘ফাঁসির রায়ে খুশি হয়েছি; কিন্তু আমার মেয়ে দুই চোখ তো আর কখনো ফিরে পাবে না।’
বাদীপক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মালেক বলেন, এই মামলায় সত্যের জয় হয়েছে। এভাবে আরও কোনো নারীকে যেন অ্যাসিড-সন্ত্রাসের শিকার হতে না হয়।
আসামিপক্ষের আইনজীবী আবদুর রশিদ চৌধুরী জানান, তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।