স্কুলছাত্রীকে অ্যাসিড নিক্ষেপকারীর শাস্তির দাবি
যশোরের শার্শা উপজেলার স্কুলছাত্রী সুমাইয়া জামানের (১৩) ওপর অ্যাসিড নিক্ষেপকারীর শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। প্রথম আলো যশোর বন্ধুসভার উদ্যোগে গতকাল রোববার বিকেলে শহরের চিত্রা মোড়ে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
সংহতি জানাতে কর্মসূচিতে উপস্থিত হন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি হারুন-অর-রশীদ, উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি ডি এম শাহিদুজ্জামান, মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য প্রমুখ।
সুমাইয়া শার্শা উপজেলার কায়বা বাইকোলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। হাসপাতালে চিকিৎসাধীন সুমাইয়া জানায়, ‘একই স্কুলের নবম শ্রেণীর ছাত্র শামীম স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। গত বুধবার স্কুলে কয়েকটি ক্লাস করার পর বাইরে গেলে শামীমসহ কয়েকজন তাকে অ্যাসিড ছুঁড়ে মারে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক গতকাল প্রথম আলোকে বলেন, মূল আসামি শামীমসহ চারজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।