স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ
নওগাঁর মান্দায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে আবদুর রাজ্জাক (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আবদুর রাজ্জাক উপজেলার দক্ষিণ পরানপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গতকাল সোমবার ওই স্কুলছাত্রী বাদী হয়ে রাজ্জাকসহ দুজনের বিরুদ্ধে মামলা করে। মামলার অপর আসামি হলেন উপজেলার হোসেনপুর গ্রামের আশরাফুল ইসলাম (২৮)।
মান্দা থানার পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে ১০-১২ দিন আগে মুঠোফোনে আবদুর রাজ্জাকের পরিচয় হয়। ওই যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দেন। কয়েক দিন ধরে কথা বলার পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার রাত নয়টার দিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাজি অফিসে যাওয়ার কথা বলে রাজ্জাক তাকে হোসেনপুর গ্রামের আশরাফুল ইসলাম নামের এক আত্মীয়ের বাড়িতে তোলেন। রাতে ওই বাড়ির একটি কক্ষে আটকে রেখে রাজ্জাক মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন। পরদিন রোববার সকালে কাজি অফিসে নেওয়ার কথা বলে ওই বাড়ি থেকে তাকে মোটরসাইকেলে করে রাজশাহী শহরে নিয়ে যান। সেখানে বিয়ের ব্যবস্থা না করে রাজশাহীর তানোর উপজেলায় আরেক আত্মীয়ের বাড়িতে নেওয়ার চেষ্টা করেন। যাওয়ার পথে রোববার সন্ধ্যা সাতটার দিকে তানোর উপজেলার মাদারীপুর বাজারে পৌঁছালে তানোর থানার পুলিশের সহায়তায় রাজ্জাককে আটক করে মান্দা থানার পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, এ ঘটনায় আবদুর রাজ্জাক ও আশরাফুল ইসলামের বিরুদ্ধে ওই ছাত্রী তাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা করেছে। আবদুর রাজ্জাককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। নওগাঁ সদর হাসপাতালে ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।