স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, এক বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় মাসুদ খলিফা (৩২) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে মস্তফাপুর এলাকা থেকে তাঁকে আটক করে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনেক দিন ধরে স্থানীয় এক স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন মাসুদ। দুই দিন আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গিয়াস গ্যাস লাইটার দিয়ে কাঠিতে আগুন ধরিয়ে ছাত্রীটির মুখে মারে। এতে ছাত্রীর কোনো ক্ষতি না হলেও ভয়ে সে পাশের একটি দোকানে আশ্রয় নেয়। পরে ছাত্রীর বাবা ও বড় ভাই গিয়ে তাকে উদ্ধার করে। গতকাল রোববার মেয়েটি পরিবারসহ মাদারীপুর এসপি অফিসে অভিযোগ করলে পুলিশ মাসুদকে আটক করে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতিমা লিজা জানান, ছেলেটি অনেক দিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।