স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গতকাল রোববার স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ওবায়দুর রহমান (২৮) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওবায়দুর ফরিদপুরের সদর উপজেলার হালোয়াকান্দি গ্রামের বাসিন্দা।
ওবায়দুর রহমান আশুগঞ্জের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার কোম্পানিতে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা, ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ওবায়দুর উপজেলা সদরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে কয়েক দিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করছিলেন। একপর্যায়ে ওই ছাত্রী বিষয়টি পরিবারের লোকজনকে জানিয়ে বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করে। গতকাল সকাল ১০টার দিকে ওই ছাত্রীকে বুঝিয়ে বিদ্যালয়ে পাঠান তার পরিবারের লোকজন। বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করছিলেন ওবায়দুর। ঘটনা দেখে ওই ছাত্রীর ভাই স্থানীয় লোকজনের সহযোগিতায় ওবায়দুরকে ধরে বিদ্যালয়ে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ ঘটনাস্থলে পৌঁছান। পরে দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওবায়দুরকে ৫০৯ ধারায় ছয় মাসের কারাদণ্ড দেন ইউএনও।
ওই ছাত্রীর ভাই বলেন, গতকাল বিদ্যালয়ে যাওয়ার পথে তাঁর বোনকে উত্ত্যক্ত করছিলেন ওবায়দুর। এ সময় ধরার চেষ্টা করলে ওবায়দুর দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় উপজেলার রেলগেট এলাকা থেকে তাঁকে আটক করে বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, ওই ছাত্রীর পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় ওবায়দুরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
আশুগঞ্জ থানার ওসি আবু জাফর চৌধুরী বলেন, ওবায়দুরকে গতকালই কারাগারে পাঠানো হয়েছে।