স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় শ্রমিক লীগ নেতার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে শ্রমিক লীগের এক নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল কবির ওই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের প্রচার সম্পাদক হোসেন ভূইয়া (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন হোসেন ভূইয়া। ওই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হোসেন ভূইয়াকে আটক করে। গতকাল সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে হোসেন ভূইয়াকে কারাদণ্ড দেওয়া হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নায়েবুল ইসলাম বলেন, ওই নেতাকে সন্ধ্যায় জেলহাজতে পাঠানো হয়েছে।