স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক ব্যক্তিকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিক এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জাফর আহম্মদের (২২) বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার সুজাতপুর গ্রামে।
সূত্র জানায়, গতকাল সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন জাফর আহম্মদ। একপর্যায়ে জাফর ওই ছাত্রীকে তাঁর বাইসাইকেলে তুলে নেওয়ার জন্য ধস্তাধস্তি করেন। এ সময় আশপাশের লোকজন জাফরকে ধরে ফেলেন। খবর পেয়ে ইউএনও পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জাফরকে আটক করেন এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য-প্রমাণ ও দোষ স্বীকারের ভিত্তিতে জাফরকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউএনও আবু হাসান সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।