স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এ কারাদণ্ড দেন।
কারাদণ্ড পাওয়া মো. মামুন রশীদের (৩০) বাড়ি নওগাঁর ধামাইরহাট উপজেলার কুমরইল গ্রামে।
পুলিশ সূত্র জানায়, মামুন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ ছাড়া তিনি রাস্তায় ওই ছাত্রীর ছবি তুলে সেই ছবির সঙ্গে নিজের ছবি জুড়ে দিয়ে প্রচার করেন।
এ ব্যাপারে ওই ছাত্রীর মা ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালত অভিযোগের সত্যতা পাওয়ায় ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
ইউএনও মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।