স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পিটুনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জুয়েল রানা (২৪) নামের এক যুবককে লাঠিসোঁটা ও রড দিয়ে বেধড়ক পিটিয়েছে বখাটের স্বজনেরা। গুরুতর অবস্থায় জুয়েলকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার খাবাসপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।উত্ত্যক্তের শিকার ছাত্রী ও জুয়েলের পরিবার জানায়, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রীকে গঙ্গারামপুর গ্রামের আমিনুর রহমান (২০) প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত ২৬ জুন সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে আমিনুর ওই ছাত্রীর পথরোধ করে হাত ধরে টানাটানি করেন। ঘটনাটি জানার পর মেয়েটির ভাই ও প্রতিবেশী জুয়েল আমিনুরের বাসায় গিয়ে ঘটনার প্রতিবাদ এবং বিচার চান। আমিনুরের বাবা-মা তাঁকে নির্দোষ বলে দাবি করেন। এরপর গ্রামে সালিস বসলে আমিনুরকে শাসন করেন মুরব্বিরা। ওই ঘটনার জের ধরে গত মঙ্গলবার রাত নয়টার দিকে গঙ্গারামপুর গ্রামের পাশেই খাবাসপুর বাজার এলাকায় আমিনুরের ফুফাতো ভাই হারুনার রশিদ ও তাঁর বন্ধু শিমুল, খোকন ও বিপ্লব লাঠিসোঁটা ও রড নিয়ে জুয়েলের ওপর হামলা চালান। এতে জুয়েলের মাথা ফেটে যায় এবং শরীরের কয়েকটি স্থানে জখম হয়। পরে তাঁকে উদ্ধার করে রাত ১১টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ব্যাপারে জানতে চাইলে হারুনার রশিদ বলেন, ‘বেয়াদবি করায় তাঁকে (জুয়েল) চড়-থাপড় দেওয়া হয়। লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ ও উত্ত্যক্তের বিষয়টি সত্য নয়।’