স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় কলেজছাত্র বহিষ্কৃত
নিজ বিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গত বুধবার রাজশাহী নগরের মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। তার নাম রাফি আহসান (১৮)। শৃঙ্খলা কমিটির সভায় তাকে বহিষ্কার করা হয়।কলেজ সূত্র জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম তলার ৫০৮ নম্বর কক্ষে নবম শ্রেণীর কয়েকজন ছাত্রী একটি অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হঠাৎ ওই কক্ষে ঢোকে একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী রাফি আহসান ও তার কয়েকজন বন্ধু। এরপর ওই কক্ষে এক ছাত্রীকে রেখে অন্যদের জোর করে বের করে দিয়ে রাফি শ্রেণীকক্ষের দরজা বন্ধ করার চেষ্টা করে এবং এ সময় ছাত্রীটির বাঁ হাতের তালু কেটে যায়। একপর্যায়ে সে দরজা খুলে দৌড়ে নিচতলায় অধ্যক্ষের কক্ষে গিয়ে আশ্রয় নেয়।অধ্যক্ষ এস এম জার্জিস কাদিরকে বিষয়টি জানালে তিনিসহ আরও কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে যান। এরপর তাঁরা ৫০৮ নম্বর কক্ষের শৌচাগার থেকে রাফিকে ধরে এনে তার ও মেয়েটির অভিভাবককে খবর দেন। পরে বেলা দুইটার দিকে উভয় পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে শৃঙ্খলা কমিটির সভায় রাফিকে ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এ সময় রাফির মায়ের কাছ থেকে একটি লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, পরবর্তী সময়ে মেয়েটির কোনো সমস্যা হলে এর সব দায়ভার রাফির পরিবারকে বহন করতে হবে।