স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় কিশোরের কারাদণ্ড
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার শিক্ষাগ্রাম এলাকায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে গত সোমবার মো. জিলন নামের এক ছাত্রকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জিলন আলেকজান্ডার পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ স ম হাসান আল আমিনের ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ডাদেশ দেন। জিলনকে গতকাল মঙ্গলবার রামগতি থানার পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।জানা যায়, শিক্ষাগ্রামের মো. জিলন দীর্ঘদিন ধরে আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। সোমবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে একইভাবে উত্ত্যক্ত করে জিলন। প্রতিবাদ করলে তাকে মারধর করতে তেড়ে যায়।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক এবং এলাকাবাসীর অভিযোগ পেয়ে সোমবার সন্ধ্যায় জিলনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।আ স ম হাসান আল আমিন জানান, মো. জিলন দোষ স্বীকার করায় দণ্ডবিধির ৫০৯ ধারায় তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।