স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় তরুণের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে (১৫) উত্ত্যক্ত করায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় কর্নেল মিয়া (২২) নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার রাত পৌনে নয়টার দিকে এ রায় দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই ছাত্রীর পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ধরমপাশা উপজেলার কর্নেল মিয়া (২২) দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় ওই ছাত্রীর বাবা এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে হলিদাকান্দা গ্রামের সামনের সড়ক থেকে কর্নেলকে আটক করে পুলিশ।
ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া বলেন, ওই ছাত্রীর বাবার লিখিত অভিযোগ পেয়ে কর্নেল মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। সাজা প্রাপ্ত ওই তরুণকে কারাগারে পাঠানো হয়েছে।