স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটে জেলে
রাজশাহীর বাগমারায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে হাফিজুর রহমান (১৭) নামের এক বখাটেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে মচমইল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
সাজাপ্রাপ্ত ওই বখাটেকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ সূত্র জানায়, উপজেলার মচমইল গ্রামের হাফিজুর দীর্ঘদিন ধরেই মচমইল বিদ্যালয়ের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মেয়েটির সাড়া না পেয়ে একপর্যায়ে তাকে উত্ত্যক্ত করা শুরু করে ছেলেটি। গত সোমবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আবারও মেয়েটিকে উত্ত্যক্ত করলে স্থানীয় লোকজন বখাটে হাফিজুরকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
আদালতে নিজের অপরাধের কথা স্বীকার করলে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুল ইসলাম ওই বখাটেকে ১৫ দিনের কারাদণ্ড দেন। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।