স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড
নোয়াখালীর সদর উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে মো. রায়হান নামের এক বখাটেকে আড়াই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এই আদেশ দেন। আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নলপুর এলাকার রায়হান (১৮) বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। ছাত্রীর অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি রায়হানের অভিভাবকদের জানালে তিনি আরও ক্ষিপ্ত হন। এর জেরে গতকাল সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে কয়েকজন সহযোগী নিয়ে রায়হান ওই ছাত্রীকে জোর করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জসিম উদ্দিনের কাছে নিয়ে যান। ওই ছাত্রী রায়হানকে অপমান করেছে বলে জসিমের কাছে নালিশ দেয় বখাটেরা। ইউপি সদস্য জসিম ওই ছাত্রীর বিচার করতে অপারগতা প্রকাশ করলে রায়হান ও তাঁর সহযোগীরা জসিমকে মারধর করে। পরে আশপাশের লোকজন রায়হানকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রায়হানকে ইউএনওর কার্যালয়ে নিয়ে যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রায়হানকে ওই সাজা দেন ইউএনও ইসরাত জাহান। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী প্রথম আলোকে বলেন, বখাটে রায়হানকে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।