স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ভাইকে মারধর
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর উচ্চবিদ্যালয়ে গতকাল বুধবার দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে স্কুলছাত্রীকে (১৫) এক বখাটে (১৮) উত্ত্যক্ত করেছে বলে অভিযোগ উঠেছে। এতে বাধা দেওয়ায় বখাটে ও তার সহযোগীরা ছাত্রীর ভাইকে (১৭) মারধর করেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ‘দেশজ সংস্কৃতির বিকাশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় সদর জায়ফরনগর ইউনিয়নের জায়ফরনগর উচ্চবিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছিল। দুপুর ১২টার দিকে স্থানীয় ভবানীপুর গ্রামের মুন্না, রুবেলসহ (২০) অজ্ঞাত আরও চার বখাটে চারটি মোটরসাইকেলে করে অনুষ্ঠানস্থলে যায়। একপর্যায়ে মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে ডেকে প্রেমের প্রস্তাব দেয় মুন্না। ছাত্রীটি তা প্রত্যাখ্যান করে। এ সময় ছাত্রীর বড় ভাই ও জুড়ী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সেখানে গিয়ে বখাটেদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মুন্নাসহ তার সহযোগীরা ছাত্রীর ভাইকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে সটকে পড়ে। ওই ছাত্রীর বাড়ি স্থানীয় কালীনগর গ্রামে।সূত্র জানায়, ঘটনার পর ছাত্রী ও তার ভাই বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং সেখানে উপস্থিত উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আজিবুন খানমকে অবহিত করে। আহত ব্যক্তি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। পরে শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের পরামর্শে স্কুলছাত্রী ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেয়। জায়ফরনগর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।