স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে তরুণের ছয় মাসের দণ্ড
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৫) উত্ত্যক্ত করার অভিযোগে কর্নেল মিয়া (২২) নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হক ওই আদালত পরিচালনা করেন।
ওই ছাত্রীর পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের ওই ছাত্রী স্থানীয় এক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। একই ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের কর্নেল মিয়া দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করছিলেন। গত শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ওই ছাত্রীর বাবা এ বিষয় নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে হলিদাকান্দা গ্রামের সামনের সড়ক থেকে কর্নেলকে আটক করে পুলিশ। পরে রাত পৌনে নয়টার দিকে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় কর্নেলকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মোহাম্মদ নাজমুল হক ওই শাস্তি দেন।