স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বখাটের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রফিক খান নামের এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গালিমপুর ইউনিয়নের বড়গাঁ গ্রামের ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার সময় একই গ্রামের বখাটে রফিক খান তাকে উত্ত্যক্ত করে। পরে বাড়িতে গিয়ে ওই ছাত্রী ঘটনাটি তার মাকে জানায়। ছাত্রীর মা বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশকে জানালে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ব্যক্তিদের সাক্ষ্য নেন। ঘটনার সত্যতার প্রমাণ পেয়ে তিনি বখাটে রফিককে গ্রেপ্তার করে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আজীজ হায়দার ভূঁইয়ার দপ্তরে নিয়ে যান। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।