স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক স্কুলছাত্রীকে গত মঙ্গলবার রাতে গণধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার রাতে সরাইল থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তানিয়া বেগম (১৪) নামের ওই স্কুলছাত্রীর বাড়ি উপজেলার কাটানিশা গ্রামে। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তানিয়া প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এরপর সে আর ফিরে আসেনি। গত বুধবার বিকেলে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি শুকনো খালে তার লাশ পাওয়া যায়। এ সময় তার পরনে কোনো কাপড় ছিল না। দেহ ছিল রক্তাক্ত। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। সেখানে গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, তানিয়াকে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় একই গ্রামের বখাটে জুম্মান মিয়া (২০) ও স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সাদ্দাম হোসেন (২০) কয়েক মাস ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। মঙ্গলবার রাতে একই গ্রামের মো. উজ্জ্বল মিয়া (২৩), মো. রুবেল মিয়া (১৯) ও মো. ভুট্টো মিয়ার (২০) সহযোগিতায় জুম্মান ও সাদ্দাম তানিয়াকে অপহরণ করে। পরে ধর্ষণ শেষে তাকে হত্যা করা হয়।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল হক প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে গণধর্ষণের শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তানিয়ার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। এ ছাড়া তার শরীরে আক্রমণের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, এ ঘটনা প্রকাশ করে দিতে পারে—এমন আশঙ্কা থেকে পরে তানিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে উজ্জ্বল ও রুবেলকে বুধবার রাতেই গ্রেপ্তার করা হয়। থানায় রেখে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।