স্কুলছাত্রীকে গাড়িচাপা দিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বখাটেদের গাড়িচাপায় স্কুলছাত্রী তাম্মি আক্তার ওরফে ময়নার প্রাণ হারানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে বানিয়াজুরী এলাকায় বিক্ষোভ শেষে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে এ ঘটনায় জড়িত বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, তাম্মি (১৫) উপজেলার কাকজোর গ্রামের তৈয়ব বিশ্বাসের মেয়ে। সে স্থানীয় কেল্লাই মনসুর উদ্দিন বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে পাশের শোলধারা গ্রামের রাব্বি মিয়া (২০), সোহান হোসেন (৩০) ও মো. অটুট (১৯) দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের আরও দুই ছাত্রীর সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল সে। বানিয়াজুরী-কেল্লাই সড়কে ওঠার পরপরই রাব্বি ও সোহান তাদের কয়েকজন বন্ধু নিয়ে একটি পিকআপ ভ্যানে চড়ে তাদের পিছু নেয়। এ সময় রাব্বি পিকআপ চালাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে কাকজোর এলাকায় পৌঁছালে পেছন থেকে পিকআপ ভ্যানটি তাম্মিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
তাম্মির ভাই আশিক প্রথম আলোকে বলেন, তাঁর বোনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ওই দিন বিকেলেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাম্মি মারা যায়।
এ ঘটনায় রাব্বির নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করে রোববার রাতে ঘিওর থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ সরকার বলেন, মামলাটি অত্যধিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিরা পলাতক। গ্রেপ্তারে অভিযান চলছে।