স্কুলছাত্রীকে চাপা দিয়ে গাড়ি খাদে ছাত্রীসহ নিহত ২
ঢাকার ধামরাইয়ে এক স্কুলছাত্রীকে চাপা দিয়ে একটি প্রাইভেট কার রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে গাড়ির চালকও মারা যান। গতকাল বুধবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গাড়ির চালক নাসির উদ্দিন (৪০) ও ধামরাইয়ের জয়পুরা গ্রামের রবিউল ইসলামের মেয়ে মুনিরা আক্তার (১৪)। মুনিরা কালামপুর আমাতুননেছা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। স্কুল ছুটির পর সে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে হেঁটে বাড়ি ফিরছিল।
ধামরাই থানার পুলিশ জানায়, প্রাইভেট কারটি ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছিল। মহাসড়কের জয়পুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। মুহূর্তেই গাড়িটি মুনিরাকে চাপা দিয়ে সড়কের পাশে খাদের পানিতে গিয়ে পড়ে। এতে মুনিরা ও গাড়ির চালক নাসির ঘটনাস্থলেই মারা যান। আহত হন চালকের স্ত্রী সেলিনা সুলতানা (৩৫)।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) বিনয় কৃষ্ণ কর গতকাল রাতে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।