স্কুলছাত্রীকে জখমের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি
কিশোরগঞ্জ সদর উপজেলায় স্কুলছাত্রীকে (১৫) কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল সোমবার এ কর্মসূচি পালন করে।
মেয়েটির কয়েকজন সহপাঠী বলে, গত রোববার সকালে কয়েকজন সহপাঠীসহ দশম শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ে রওনা দেয়। এ সময় বাড়ির পাশের রাস্তায় তাওহীদ মিয়া (২২), তাঁর সহযোগী সাইফুল ইসলামসহ আরও দুই-তিনজন তরুণ তাদের পথরোধ করেন। সেখানে তাওহীদ মেয়েটিকে আবারও প্রেমের প্রস্তাব দেন। একপর্যায়ে মেয়েটি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাওহীদ একটি বঁটি দিয়ে ছাত্রীর ঘাড়ে, গলায় ও হাতে এলোপাতাড়ি কোপ দেন। তারপর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। স্থানীয় ব্যক্তিরা মেয়েটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় রোববার রাতেই আহত ছাত্রীর মামা আবদুল কাইয়ুম বাদী হয়ে তাওহীদকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। এর মধ্যে পুলিশ আসামি মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে।
ছাত্রীর পরিবারের অভিযোগ, তাওহীদ আড়াই বছর ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি তাওহীদের পরিবারকে জানানো হয়। এ নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠকও হয়।
এদিকে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী বিন্নাটি বিজয় মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এ সময় অন্যদের মধ্যে ছাত্রনেতা আরিফুর রহমান, মামুন মিয়া, রেফায়েত উদ্দিন ও জীবন মিয়া বক্তব্য দেন। বক্তারা অতি দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, তাওহীদ ও তাঁর পরিবারের লোকজন এখনো পলাতক। তাদেরসহ মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।