স্কুলছাত্রীকে জোর করে পরিচারিকার কাজ করানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম শ্রেণীতে পড়া একটি মেয়েকে রাস্তা থেকে ধরে নিয়ে জোর করে বাসায় কাজ করানোর অভিযোগ পাওয়া গেছে। আনোয়ারা গার্লস হাইস্কুলের ছাত্রী ওই মেয়েটি গত দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ বি এম ওবায়দুল ইসলামের বাসায় কাজ করছিল বলে তার অভিভাবকেরা অভিযোগ করেছেন। ওবায়দুল ইসলাম ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ফজলুল হক হলের আবাসিক শিক্ষক। ওই হলের দারোয়ান সিরাজুল ইসলাম মেয়েটিকে অপহরণ করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।মেয়েটির বাবা মো. কুদ্দুস প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকালে সে নাজিমউদ্দীন রোডের বাসা থেকে একই রোডে দাদির বাসায় যাওয়ার জন্য বের হয়। তারপর দুই দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল শনিবার ভোরে দাদা মো. লতিফ মেয়েটিকে চানখাঁরপুল এলাকায় খুঁজে পান। এরপর তার বর্ণনা অনুযায়ী তারা অধ্যাপক ওবায়দুল ইসলামের বাসায় উপস্থিত হন। সেখানে তারা জানতে পারেন হলের দারোয়ান সিরাজুল ইসলাম গত বৃহস্পতিবার তাকে ওই বাসায় নিয়ে যান।মেয়েটি প্রথম আলোকে বলে, ‘এক বয়স্ক লোক আমাকে ধরে নিয়ে যায়। তারপর সে এক বাসায় নিয়ে আমাকে কাজের লোক হিসেবে পরিচয় দেয়।’ ওই বাসার লোক তাকে মারধর করেছে বলে অভিযোগ করে মেয়েটি। বাবা-মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করলে দারোয়ান সিরাজুল তাকে গতকাল রাস্তায় রেখে যায় বলে জানায় সে।তবে ওবায়দুল ইসলাম তাকে মারধরের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘দারোয়ানের কাছে অনেক দিন আগে আমি কাজের লোক চেয়েছিলাম। গত বৃহস্পতিবার দারোয়ান মেয়েটিকে আমার বাসায় নিয়ে আসে। তাকে সে রাস্তায় খুঁজে পেয়েছে বলে জানায়।’এ ব্যাপারে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘দারোয়ানকে শোকজ করা হয়েছে। সে মেয়েটিকে জোর করে কাজে লাগিয়ে গুরুতর অপরাধ করেছে।’