পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে নিকাহ নিবন্ধকসহ (কাজি) নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস হোসেন গত রোববার উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়, গত ২৬ জুন দুপুরে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে (১৪) ঝালকাঠির সদর উপজেলার দেয়াকুল আতাঘাটি গ্রামের রেজাউল ফরাজী (৩০) জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এরপর মেয়েটিকে বরিশালের বন্দর থানার হিজলতলা গ্রামে এক বন্ধুর বাড়িতে নিয়ে আটক রেখে নিকাহ নিবন্ধক ডেকে বিয়ে পড়ান।
পরে ৫ সেপ্টেম্বর মঠবাড়িয়ার ঝাউতলা বাসস্ট্যান্ডের কাছ থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এ সময় রেজাউল পালিয়ে যান। উদ্ধারের পর মেয়েটি আদালতে জবানবন্দি দেয়।
এ ঘটনায় রোববার রেজাউল ফরাজী, তাঁর বন্ধু নয়ন, বরিশালের বন্দর থানার কুন্দিয়ালপাড়ার নিকাহ নিবন্ধক রুহুল আমিনসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। থানার এসআই ফেরদৌস হোসেন জানান, গত ১০ জুলাই স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে তার বাবা রেজাউলসহ তিনজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন।